বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।
ঢাকা: ঢাকার নবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে নবাবগঞ্জ থানাধীন আমিরপুর মাঠের পাশে যুবসংঘ ক্লাবের সামনের সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ থানার আমিরপুর টুকনিকান্দা এলাকার আপন ইসলাম নূর (২০), শ্রাবণ (২৩) এবং আমিরপুর মাঠসংলগ্ন এলাকার আসিফ (২২)। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারের সময় আপন ইসলাম নূরের কাছ থেকে ৩০ পিস, শ্রাবণের কাছ থেকে ১০ পিস এবং আসিফের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) সিরাজ-উদ দৌলাহর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় অভিযান চালায়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ২৮ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ৩৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

