কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার।
কেরাণীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার কেরাণীগঞ্জে গৃহবধূ ফারজানা আক্তার (২৪) হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সবুজ খলিফা (৩৬) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যার দিকে কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় শ্বশুরবাড়ির ভাড়া বাসায় ফারজানা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-৩৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। মামলার তদন্তের স্বার্থে র্যাব-১০ কে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল, র্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামি সবুজ খলিফাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।












