শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ একটি অভিযান চালিয়ে র্যাংক-ব্যাজ, ইউনিফর্ম ও ওয়াকিটকিসহ মো. কায়েস আহমেদ রাব্বী (২৫) নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে র্যাব-১০।
আজ বুধবার(১৩ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ধলপুরের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজট কোম্পানি (সিপিএসসি) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ গলির বাসা থেকে তাকে আটক করেন।
র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোয়েন্দা তথ্যে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উত্তর যাত্রাবাড়ীর ১২১/এ নম্বর বাসা থেকে মো. কায়েস আহমেদ রাব্বী নামের ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।
তিনি জানান, আটককৃতের কাছ থেকে ডিএমপির দু’সোল্ডারে (কাঁধে) পুলিশ ব্যাচ, হ্যাংগিং ব্যাজসহ এসআই র্যাংক ব্যাজ লাগানো ১টি হাফ শার্ট, ২টি নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, ২টি কালো রঙের ইউনিফর্ম বেল্ট, ১ জোড়া বুট, পুলিশ মনোগ্রামযুক্ত ১টি ফিল্ড কেপ, উভয় পাশে পুলিশ লেখা ২টি রিফ্লেক্টিং ভেস্ট, ২টি ব্যাটারি ও ১টি চার্জারসহ ১টি ওয়াকিটকি সেট, ১টি বাঁশি ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মুঠোফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে কায়েস আহমেদ নিজেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের একজন সদস্য বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তিনি যাত্রাবাড়ী ও আশেপাশের এলাকায় পুলিশ পরিচয়ে স্থানীয় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।