মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে ডিবির তিনটি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কদমতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল (২৫) নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এরপর ১৭ আগস্ট রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুন্ডা ইউনিয়নের পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. পারভেজ মোল্লা (৩২) ও শেখ হিমন (২৩)-কে ১০ গ্রাম করে মোট ২০ গ্রাম হেরোইন এবং মো. অপু মিয়া (৩৪)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হাসনাবাদ এলাকার গোলাম আলীনগরে অভিযান চালিয়ে মোছা. শারমিন ইসলাম (২৮) নামে এক নারীকে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবি দক্ষিণের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানে এসআই মো. আপেল মাহমুদ, এসআই ঝন্টু চক্রবর্তী ও এসআই মো. মহরম আলীসহ ডিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।