মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিংকু ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ২টা ৪৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া শান্তিনগর এলাকার তিন রাস্তার মোড়ে শামিম টেলিকম অ্যান্ড লন্ড্রি দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিংকু ইসলাম কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলীসহ ডিবির একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।
ডিবি পুলিশ জানায়, অভিযানে রিংকু ইসলামের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে