রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কেরাণীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার
কেরাণীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাগবাড়ী রাজপাড়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে সকাল সাড়ে ৮টার দিকে বাগবাড়ী রাজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোঃ আবুল কালাম আজাদ (৪২) নামে এক ব্যক্তির তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সদস্যরা জানিয়েছেন, তারা সব সময় সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট রয়েছেন। জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, আর শনিবারের এই অভিযানও তারই ধারাবাহিক অংশ।
র্যাবের ভাষ্যে, “বাংলাদেশ আমার অহংকার” প্রতিপাদ্য নিয়ে বাহিনীটি দেশপ্রেম, পেশাদারিত্ব ও নৈতিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং র্যাবের এমন তৎপরতা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।