মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর বাউফল উপজেলায় আদালতের নির্দেশ উপেক্ষা করে টিনসেট ঘর সংস্কারের আড়ালে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতলেব গাজী ও তার ছেলে হাসার গাজী।
গত শুক্রবার বেলা ১১টার দিকে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মতলেব গাজীর সঙ্গে ছোকানু বেগম ও রাবেয়া বেগম গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে রাবেয়া বেগম গং পটুয়াখালী সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে আদালত বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
পরে গত ১৭ মার্চ মতলেব গাজী বসবাসের অনুপযোগী টিনের ঘর সংস্কারের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আদালত ঘর সংস্কারের অনুমতি দিলেও অভিযোগ রয়েছে, সেই সুযোগে তিনি পাকা ভবন নির্মাণ শুরু করেন।
এদিকে আদালত বন্ধ থাকায় বাদীপক্ষ পটুয়াখালী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বাউফল থানার এসআই মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং উভয় পক্ষকে থানায় হাজির হতে বলা হয়েছে। তবে বাদীপক্ষ থানায় উপস্থিত হলেও বিবাদীপক্ষ এখনো হাজির হয়নি।