বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ারের সামনে একটি স্যামসাং ইলেক্ট্রনিক দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. শিপন সরদার (৪০)। তিনি মাদারীপুর জেলার কালকিনী থানার শিকার মঙ্গল এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানার বন্দ ডাকপাড়া এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকারী দলের সদস্য এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শিপন সরদারকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-৮৩, তারিখ ২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ৮(খ) অনুযায়ী দায়ের করা হয়েছে।
পরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।