মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা ডিবি দক্ষিণ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান-এর সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী ও এসআই মহরম আলী সঙ্গীয় ফোর্সসহ দুটি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্যায়ে ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রহমান (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দোলেশ্বর এলাকার বাসিন্দা এবং পুলিশের তথ্যমতে, কোন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
অন্যদিকে, পৃথক অভিযানে ২১ সেপ্টেম্বর রাত ২টা ১০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাজীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন মুন্না (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা জেলা ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকেই দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬-এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।