বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ হাসান (৩৪)। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার তারুলিয়া (আকন বাড়ি) এলাকার ইব্রাহিম আকনের ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ভাগনা হিজলতলা এলাকায় বসবাস করতেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় সদস্য।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ সিরাজ-উদ-দৌলাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোঃ হাসানের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলা রয়েছে। মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।