বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এবং বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে ডিবির দুটি দল অভিযানে অংশ নেয়।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের মনুরবাগ এলাকায় জিন্দাপীর কবরস্থানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ১০ গ্রাম হেরোইনসহ মো. হাবিব ওরফে বল্লা হাবিব (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইকুরিয়া (মুসলিমনগর) এলাকার বাসিন্দা।
অপরদিকে, বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় মনু বেপারীর ঢাল শহীদ মিনারের সামনে অভিযান চালিয়ে মো. জীবন (২৭) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জীবন মুন্সীগঞ্জের লৌহজং থানার ডহরী এলাকার বাসিন্দা এবং বর্তমানে জিনজিরা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ঢাকা জেলা ডিবি দক্ষিণের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(খ) এবং কেরানীগঞ্জ মডেল থানার মামলায় একই আইনের ৩৬(১) ধারার ৮(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।