মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ঢাকা: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের পৃথক দুটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় ঢাকা জেলার দোহার ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে দুটি পৃথক দল অভিযানে অংশ নেয়।
ডিবি পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলীর নেতৃত্বে একটি দল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দোহার থানাধীন মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মোশারফ হোসেন পত্তনদার (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি মাহমুদপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
অপরদিকে, এসআই (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামানের নেতৃত্বে অপর একটি দল একই দিন সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানাধীন জয়নগর এলাকায় অভিযান চালিয়ে মো. আসিফ আহমেদ (২৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি তারানগর ইউনিয়ন ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জয়নগর এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে ওই মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।