বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ৩ নং তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মামুন উর রহমানকে চান এলাকাবাসী।
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকা-২ আসনভুক্ত ৩ নং তারানগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এক আন্তরিক ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি, সচেতন নাগরিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তারানগর ইউনিয়নের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন ঘাটতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে মশা ও ডেঙ্গুজনিত সমস্যা, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার দুর্বলতা, ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় সহজলভ্য করার প্রয়োজনীয়তা, যুবসমাজের মধ্যে মাদক সমস্যার বিস্তার এবং সামগ্রিক সামাজিক শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে হলে প্রয়োজন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত কার্যক্রম। তরুণ সমাজকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ এবং প্রতিটি ওয়ার্ডে সমানভাবে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া সময়ের দাবি বলেও মত দেন তারা।
আলোচনায় অংশগ্রহণকারীরা সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করেন যে, তারানগর ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ও কার্যকর নেতৃত্বের জন্য একজন যোগ্য, সৎ, কর্মঠ ও জনবান্ধব তরুণ নেতৃত্ব প্রয়োজন। এ প্রেক্ষিতে স্থানীয় জনগণ ও বন্ধু মহলের ঐকমত্যের ভিত্তিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মামুন উর রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত অনেকেই আশা প্রকাশ করেন, সঠিক নেতৃত্বের মাধ্যমে তারানগর ইউনিয়ন একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত আদর্শ ইউনিয়নে পরিণত হবে।