বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

কেরাণীগঞ্জে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন।

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি,
২৮ ফেব্রুয়ারি ২০২৬:
ঢাকার কেরাণীগঞ্জে একটি মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। শনিবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাজী তাজুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, কেরাণীগঞ্জ মডেল থানাধীন মধ্য খাড়াকান্দি ভেন্ডিঘাট এলাকায় ৩৯ শতাংশ জমি তার দুই মেয়ে তানজিল ইসলাম ও খাদিজা ইসলামের নামে ক্রয় করা হয়। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন এবং সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সম্প্রতি একটি প্রভাবশালী মহল ওই জমির ওপর কুদৃষ্টি দেয় বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে অভিযুক্ত কয়েকজন ব্যক্তি জমিতে প্রবেশ করে নির্মাণকাজে বাধা সৃষ্টি করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে জুমার নামাজ আদায়ের জন্য পাশের খাদিজাতুল কোবরা জামে মসজিদে যান। নামাজের সুন্নত আদায়ের সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ মসজিদের ভেতরে প্রবেশ করে তার ছেলে, মসজিদের খতিব রাফিআল ইসলাম (১৬), ড্রাইভার মনির হোসেন এবং তার ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তিতাস নামের এক ব্যক্তি তার কাছ থেকে মোবাইল ফোন ও নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করেন তিনি।
হাজী তাজুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তার পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।