মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পৃথক দুটি টিম।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী ও এসআই ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বাধীন দুটি টিম রোববার (৩০ আগস্ট) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।
ডিবি পুলিশ জানায়, রাত ১১টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া সাকিনের ঝিলমিল হাসপাতালের সামনে পাকা সড়ক থেকে মো. নুরুল আলম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভী পাড়ার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে একই সময়ে নবাবগঞ্জ থানাধীন নতুন বান্দুরা এলাকায় অভিযান চালিয়ে আলহাজ উদ্দিন (২২) ও মো. আশিক আলী (২০) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১৮ ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দুজনই নবাবগঞ্জের নতুন বান্দুরা এলাকার বাসিন্দা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নম্বর-৬৯ এবং নবাবগঞ্জ থানায় মামলা নম্বর-৩৮, তারিখ ৩১ আগস্ট ২০২৬। মামলাগুলো ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় করা হয়েছে।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।