সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের বটতলী গ্রামের জালালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চরেরগাঁও এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মো. জয়নাল (৬০), দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘাপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. ইছাহাক (৪৫), দড়িগাঁও এলাকার আলী আজগরের ছেলে মো. কাবিল হাসান (৩৪), বাঘাসুর এলাকার সামছু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৫০), সিরাজদিখানের চরেরগাঁও এলাকার আরশেদ আলীর ছেলে মো. আজমত উল্লাহ (৪৬), কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা এলাকার শহিদুল্লাহর ছেলে মো. আবুল হোসেন (৪৫) এবং দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে মো. শামীম মোল্লা (৪২)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী ও এসআই শংকর চন্দ্র দাসসহ ডিবির একটি দল এ অভিযান চালায়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনাস্থলে তাস দিয়ে জুয়া খেলছিলেন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা ও তিন সেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।