


ঢাকা জেলা প্রতিনিধি:
কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের দুটি পৃথক টিম।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলী ও এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদের নেতৃত্বে ডিবির দুটি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।
ডিবি পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর এলাকার শরীফ মার্কেট (বোডিং চৌরাস্তা) সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে মো. শাহ আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার শাহ আলম কেরানীগঞ্জ মডেল থানার ছাতিরচর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অপরদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের মিরেরচর বাজার এলাকায় আলী আজগর মেম্বারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. রিফাত হাসান (১৯) ও রোজিনা বেগম (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ৩৬ ও ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রিফাত হাসান ও রোজিনা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বেপারী পাড়ার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। শাহ আলমের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নম্বর-৪১ এবং রিফাত হাসান ও রোজিনা বেগমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নম্বর-৫৭ দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com