


ঢাকার কেরাণীগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য এবং রাজধানীর যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক হত্যা মামলার ৩ আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
বুধবার (২৫ নভেম্বর) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন— জাকির হোসেন (২৫), জাহিদুল ইসলাম সাগর (৩২), মো. হেলাল (৪৫), কালাম খাঁ (৩৭), মো. লিমন মাতবর (২২), মো. শতকত আলী শিকদার (৪০), আলআমিন (৩৮) ও মুন্না (৩০)।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন এলাকায় রাস্তার গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাত, একটি লোহার সাবল, সাতটি টর্চলাইট, পাঁচটি গামছা, একটি মুখোশসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া লুণ্ঠিত ২০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি পাসপোর্ট, একটি এনআইডি কার্ড, পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেকবই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা ও বিদেশি চকলেট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইক চালক হত্যার ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে এসআরবি-১০। গ্রেফতারকৃতরা হলেন— মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)।
এসআরবি-১০ জানায়, গ্রেফতার ডাকাত দলের সদস্যদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা, কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এসআরবি-১০। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআরবি-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com